🇸🇦🇵🇰 🇹🇷 🇾🇪 বিখ্যাত মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক, গবেষক এবং সাংবাদিক হোসাইন আব্দুল-হোসাইন তাঁর এক্স একাউন্টে উল্লেখ করেছেন যে, সৌদি আরব হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পাকিস্তানকে অনুরোধ করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের যুক্তি হলো, মেক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি কোনো “পূর্ব-বিদ্যমান পরিস্থিতির” (pre-existing condition) ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং চুক্তি স্বাক্ষরের পর শুরু হওয়া যুদ্ধের ক্ষেত্রেই কেবল এটি কার্যকর হয়। এছাড়া এই চুক্তিটি কেবল কোনো সার্বভৌম রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে প্রযোজ্য, কোনো অরাষ্ট্রীয় শক্তির (non-state actors) বিরুদ্ধে নয়।
তিনি আরও উল্লেখ করেছেন যে, সৌদি আরব এই চুক্তির তৃতীয় অংশীদার তুরস্ককে এ বিষয়ে অনুরোধ করতে চায় না। কারণ তুরস্ক 🇸🇴 সোমালিয়ায় থাকা তাদের নৌঘাঁটি থেকে খুব সহজেই যুদ্ধজাহাজ মোতায়েন করতে আগ্রহী এবং তারা বাব আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ করার সুযোগ খুঁজছে। সৌদি আরব ইয়েমেন ও ওই জলসীমায় ইরানের প্রভাবের জায়গায় নতুন করে তুরস্কের আধিপত্য দেখতে আগ্রহী নয়।
হোসাইন আব্দুল-হোসাইনে ওয়াশিংটন ডি.সি.-ভিত্তিক থিঙ্ক ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজ (FDD)-এর একজন রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলো হলো উপসাগরীয় অঞ্চল (Gulf region), ইরান, ইয়েমেন এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি।
তিনি লেবানন এবং ইরাকে বেড়ে ওঠেন এবং বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটি থেকে ইতিহাস ও প্রত্নতত্ত্বে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন এবং বৈরুতের খ্যাতনামা ইংরেজি দৈনিক The Daily Star-এর ম্যানেজিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুয়েতের দৈনিক Alrai-এর ওয়াশিংটন ব্যুরো প্রধান এবং লন্ডনের চ্যাথাম হাউসের ভিজিটিং ফেলো হিসেবেও কাজ করেছেন।
মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে তাঁর বিশ্লেষণ আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত। দ্য নিউ ইয়র্ক টাইমস (The New York Times), দ্য ওয়াশিংটন পোস্ট (The Washington Post) এবং দ্য জেরুসালেম পোস্ট-এর মতো প্রখ্যাত সংবাদমাধ্যমে তাঁর নিবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি সিএনএন (CNN), এমএসএনবিসি (MSNBC) এবং বিভিন্ন আন্তর্জাতিক আরবি স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে উপস্থিত হন।
