হুথিরা এখন পুরোপুরি ইরানের সরাসরি অস্ত্র সরবরাহের ওপর নির্ভর না করে নিজেরাই উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরির কাজ শুরু করেছে।
এজন্য তারা বিভিন্ন চীনা কোম্পানির সরবরাহ করা দ্বৈত ব্যবহার্য যন্ত্রাংশ ও বাণিজ্যিক সামগ্রী কাজে লাগাচ্ছে ।
অস্ত্র বিশেষজ্ঞ সংস্থা Conflict Armament Research-এর নতুন প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই প্রায় ২,০০০ কিমি পাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল (MRBM) তৈরি করছে, যার আওতায় সহজেই সৌদি আরব এবং ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে।
অতীতে ইরানের রেভল্যুশনারি গার্ড ছোট মাছ ধরার নৌকা বা অন্যান্য গোপন রুটের মাধ্যমে হুথিদের অস্ত্র ও যন্ত্রাংশ পাঠাতো। কিন্তু মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের কড়া নজরদারির কারণে সেই রুটগুলোতে বারবার বাধা পড়ায় হুথিরা এখন বাণিজ্যিক ছদ্মবেশে বা বিকল্প চ্যানেলে এই দ্বৈত ব্যবহার্য চীনা উপাদানগুলো সংগ্রহ করছে।
দ্বৈত ব্যবহার্য যন্ত্রাংশের মধ্যে রয়েছে বাণিজ্যিক মোটর, ইলেকট্রনিক চিপ, তার, সিএনসি মেটাল ইত্যাদি। এসব উপাদান মূলত সাধারণ শিল্পকারখানা বা বেসামরিক ডিভাইসে ব্যবহার করা হয় যার কারণে এগুলো সরবরাহ করার সময় কাস্টমস বা আন্তর্জাতিক নজরদারিতে তাৎক্ষণিকভাবে ধরা পড়ে না।
এছাড়াও কয়েকটি পরিচিত দ্বৈত ব্যবহার্য উপকরণ হচ্ছে জাইরোস্কোপ ও অ্যাক্সেলেরোমিটার, কার্বন ফাইবার,আমোনিয়াম নাইট্রেট ইত্যাদি।
জাইরোস্কোপ ও অ্যাক্সেলেরোমিটারের বেসামরিক কাজ স্মার্টফোন, ড্রোন বা বাণিজ্যিক বিমানের দিকনির্ণয়ে ব্যবহৃত হয়। আবার এগুলো দিয়ে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের নিখুঁত গাইডেন্স সিস্টেম তৈরিতে ব্যবহৃত হয়।
কার্বন ফাইবার দিয়ে মূলত স্পোর্টস কার, সাইকেলের ফ্রেম বা বেসামরিক উড়োজাহাজের বডি তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু এটা দিয়ে মিসাইলের বডি, কেসিং এবং রকেটের পার্টস হালকা ও শক্তিশালী করা হয়।
কৃষিকাজে ব্যবহার করা আমোনিয়াম নাইট্রেট দিয়ে বিস্ফোরক ও রকেট ফুয়েল (Propellant) তৈরিতে ব্যবহৃত হয়। #এসব দ্বৈত ব্যবহার্য যন্ত্রাংশ ইয়েমেনে আনার পর হুথিরা তাদের নিজস্ব ওয়ার্কশপে ইরানের নির্দেশিত প্রযুক্তিতে (যেমন: ‘খাইবার শেশকান’ মিসাইলের মতো উন্নত ভার্সন তৈরি করতে) সংযোজন বা অ্যাসেম্বল করছে।
অস্ত্র তৈরির এই অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় লোহিত সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও আঞ্চলিক নিরাপত্তার ওপর হুথিদের হুমকি বহুগুণ বেড়ে গেছে।
আরো পড়ুন হুথিদের মিসাইল হামলার ভয়ে বাঙ্কার থেকে বাঙ্কারে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি প্রিন্স সালমান
তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
ছবি: ইয়েমেনের সানায় আয়োজিত হুথিদের (আনসারুল্লাহ) সামরিক প্যারেড বা প্রদর্শনী, Xinhua News Agency (ফটোগ্রাফার: Mohammed Mohammed)
