🇺🇸 🇵🇰 🏳️ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাম্প্রতিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, পাকিস্তান তার ভূখণ্ডে হওয়া সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এও বলেছেন, “সন্ত্রাসীদের হাতে পাকিস্তানের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী হয়েছে।
পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন এই অবস্থান সামনে এসেছে। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি (Tehrik-i-Taliban Pakistan) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী তাদের ওপর হামলা চালাচ্ছে।
ওয়াশিংটন সরাসরি জানিয়েছে, তারা পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। মার্কিন প্রশাসন আফগান তালেবানকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং উল্লেখ করেছে যে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তারা সচেতন।
সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে, যার ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও জাতিসংঘ জানিয়েছে। অন্যদিকে, তালেবান প্রশাসন এসব হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পাল্টা অভিযোগ করেছে যে, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যর্থতাকে ঢাকতে আফগানিস্তানকে ব্যবহার করছে।
ছবি :২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে পাকিস্তানের চামানে, দুই দেশের সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে গোলাগুলির পর ফ্রেন্ডশিপ গেটের একটি জনশূন্য প্রবেশপথে একজন সেনা প্রহরায় দাঁড়িয়ে আছেন। রয়টার্স/আব্দুল খালিক আচাকজাই
