🇦🇫🏳️আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জেবাক (Zebak) জেলায় আফগানিস্তান ফ্রিডম ফ্রন্ট (AFF)-এর সাথে তালেবান বাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে জেবাক জেলায় তালেবানের ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে এএফএফ (AFF) তাদের অভিযান শুরু করে।
আফগানিস্তান ফ্রিডম ফ্রন্ট দাবি করেছে যে, তাদের এই অভিযানে অন্তত ২১ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন কমান্ডারও রয়েছেন। এছাড়া তাদের দাবি অনুযায়ী, আরও ৩৭ জন তালেবান যোদ্ধা আহত হয়েছে, যাদের হেলিকপ্টারে করে ফয়জাবাদ হাসপাতালে নেওয়া হয়েছে। এএফএফ এও জানিয়েছে যে, তারা তালেবানের অনেক অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে এবং সংঘর্ষে তাদের নিজেদের একজন যোদ্ধা নিহত হয়েছে।
তালেবানের ২১৯তম ওমর-ই-সালিস ডিভিশন এই সংঘর্ষের কথা নিশ্চিত করলেও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ভিন্নভাবে উল্লেখ করেছে। তারা দাবি করেছে যে, তাদের সীমান্ত বাহিনী পাঁচজন আক্রমণকারীকে হত্যা করেছে। তালেবান কর্তৃপক্ষের দাবি, এসব যোদ্ধা পাকিস্তানের চিত্রল সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল।
প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই তাদের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। এএফএফ-এর রাজনৈতিক কমিটির প্রধান দাউদ নাজি এই লড়াইকে তালেবানের বিরুদ্ধে তাদের সংগ্রামের একটি “নতুন অধ্যায়” হিসেবে অভিহিত করেছেন।
এই সংঘাত বাদাখশানে সাম্প্রতিক সময়ে তালেবানের বিরুদ্ধে ক্রমবর্ধমান সশস্ত্র প্রতিরোধের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল, আমু টিভি,
